মো: মুর্শিকুল আলম:: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আলেম সমাজের মাঝে পবিত্র কুরআন গ্রন্থ বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার বারাব বায়তুল আকসা জামে মসজিদ মাঠে এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ৫০ জন আলেম-ওলামার মাঝে কুরআন বিতরণ করা হয়।
এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল সাত্তারের সভাপতিত্বে তাফসিরে কুরআন বিতরণ করেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজবন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পাঠান, মমতাজ উদ্দিন বিএসসিসহ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন, “কুরআনের সঠিক অর্থ ও ব্যাখ্যা জানা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাফসিরে কুরআন অধ্যয়নের মাধ্যমে মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে এবং সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়।
তিনি আরও জানান, শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় কার্যক্রম ও মানবসেবামূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।