এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরা-তেজগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে মানুষের ৪৭টি মাথার খুলি উদ্ধার করেছে। এ ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে-কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) ও মো. ফয়সাল আহম্মেদ (২৬)। গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
জানা যায়, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুরের বিভিন্ন কবরস্থান থেকে মৃতদেহের কঙ্কাল উত্তোলন করে একটি চক্র। ৫-৭ হাজার টাকায় সেগুলো বিক্রি করে ঢাকার উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের দুই শিক্ষার্থীর কাছে। তারা কলেজ হোস্টেলে নিজেদের রুমে কেমিকেল দিয়ে প্রসেসিং করে ফেসবুকের প্রাইভেট গ্রুপে ১৫-২০ হাজার টাকায় বিক্রি করে। সোমবার সেই কলেজ হোস্টেলে অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলিসহ বিপুল হাড় উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়াস্থ ১ নম্বর গেটের সম্মুখে রাস্তার ওপর অবৈধ উপয়ে কবরস্থান থেকে মানব কঙ্কাল সংগ্রহ করে বিক্রয় করার উদ্দেশ্যে একজন ব্যক্তি অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টায় অভিযান চালিয়ে কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত হতে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। পরবর্তী তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকাল অনুমানিক সোয়া ৭টার দিকে তেজগাঁও কলেজের সামনে অভিযান চালিয়ে মো. আবুল কালাম ও আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুইটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
পরবর্তী গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকাল সাড়ে ৩টার দিকে দেশের বিভিন্ন কবরস্থান হতে অবৈধভাবে গোপনে কবর খুঁড়ে মানব কঙ্কাল চুরি করে রাখা উত্তরা পশ্চিম থানাধীন উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে মো. ফয়সাল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত হতে ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এই চক্রটি গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরি করে বিভিন্ন জনের কাছে চড়া দামে বিক্রি করত। গ্রেপ্তারকৃত মো. আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি এবং গ্রেপ্তারকৃত আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।