নিজস্ব প্রতিবেদক :: অসংক্রামক রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ‘ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ কাগজে সীমাবদ্ধ না রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইন হিসেবে পাসের দাবি জানিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।
তারা জানান, সংসদের প্রথম অধিবেশনে আইন পাস না হলে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি অকার্যকর হয়ে পড়বে। এতে বাড়বে মৃত্যুর মিছিল, বাড়বে চিকিৎসা ব্যয়, বাধাগ্রস্ত হবে এসডিজি অর্জনের লক্ষ্যমাত্রা তৈরি হবে তামাকাসক্ত তরুণ প্রজন্ম। আজ সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা আহছানিয়া মিশন কর্তৃক আয়োজিত ‘অসংক্রমক রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের গুরুত্ব’শীর্ষক মতবিনিময় সভায় এমন দাবি জানান তারা।
বক্তারা জানান, দেশে ১৫ বছর বা তার বেশি বয়সী ২ কোটি ১৩ লাখ মানুষ তামাক ব্যবহার করেন এবং প্রতি বছর প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয় তামাকজনিত রোগে যা দৈনিক গড়ে ৫৪৫ জন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশটি পাস না হলে এই মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সভাপতি বদিউজ্জামান বাদল, বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি আরিফুর রহমান টিপু, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, বাংলাদেশ গ্রোসারি বিজনেস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন খান, জাতীয় কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।