July 25, 2026, 4:48 pm

গাজীপুরে রাস্তা দখল করে অস্থায়ী দোকান বসিয়ে যানচলাচলের বিঘ্ন

Reporter Name
  • আপডেট Monday, March 9, 2026
  • 131 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় দিন দিন বেড়েই চলেছে রাস্তা দখল করে অবৈধ ভ্যান দোকানের সংখ্যা। বিশেষ করে টঙ্গী কলেজ গেট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে এখন যেন ভ্যান গাড়িতে দোকান বসানোর এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। জামাকাপড়, সবজি, ফলমূল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যের দোকান বসিয়ে রাস্তার বড় অংশ দখল করে রাখা হচ্ছে প্রতিদিন।
এতে করে যেমন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, তেমনি ঝুঁকির মুখে পড়ছে সাধারণ মানুষের চলাচল। শুধু তাই নয়, প্রতিটি ভ্যান গাড়িতে বসানো হয়েছে উচ্চ শব্দের হ্যান্ড মাইক ও সাউন্ড সিস্টেম। দিনভর ননস্টপ বিজ্ঞাপন ও চিৎকারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এসব ভ্যান দোকান থেকে প্রতিদিন গড়ে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। অভিযোগ রয়েছে, সেই টাকার একটি অংশ স্থানীয় থানা পর্যন্ত পৌঁছে যায় এবং বাকি অংশ বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীরা ভাগ করে নেয়।
শুধু টঙ্গী কলেজ গেট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত এই অবৈধ দোকানগুলো থেকে মাসিক চাঁদা ওঠে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা। প্রশ্ন উঠছে—এই বিপুল অঙ্কের অর্থ কার পকেটে যাচ্ছে?
অন্যদিকে আশপাশে থাকা বৈধ মার্কেটের দোকানিরা বলছেন, তারা সিটি কর্পোরেশনের ট্যাক্স, দোকানের অগ্রিম, কর্মচারী খরচসহ নানা ব্যয় বহন করে ব্যবসা চালাচ্ছেন। অথচ রাস্তার ওপর বসা অবৈধ ভ্যান দোকানগুলো একই পণ্য দুই ভাগ কম দামে বিক্রি করে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি করছে। ফলে বৈধ ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন।
এ অবস্থায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রশ্ন—গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব কোথায়? রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখা কি তাদের দায়িত্ব নয়?
আইন অনুযায়ী, ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা করা সম্পূর্ণ অবৈধ। সিটি কর্পোরেশন আইন অনুযায়ী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার ক্ষমতা এবং দায়িত্ব স্থানীয় প্রশাসনের। তাহলে কেন এই অবৈধ দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর