স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, সনাক-টিআইবি, এসএনডি ও কেয়ার বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আজ রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক আহাম্মেদ হোসেন ভূঁইয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান এবং গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন রেজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক শিরিনা আক্তার, জাতীয় মহিলা সংস্থার গাজীপুর জেলা কর্মকর্তা শাহনাজ আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মী এবং নারী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা নারীর অধিকার, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।