নিজস্ব প্রতিবেদক :: নাটোরের সিংড়ায় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা এবং এক বিশেষ অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে আহত সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নেজাম উদ্দিন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন থেলকুড় গ্রামের তুহিন, ফারুক, জাহাঙ্গীর, মমিন, রিংকু, বিপ্লব হোসেন, রফিকুল ইসলাম, বেলাল হোসেন, রিমন হোসেন ও আমজাদ হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৭) নামের এক যুবক সরিষা ভাঙানো গাড়িসহ উল্টে নিহত হয়।
পরিবারের লোকজন গোপনে মরদেহ বাড়িতে নিয়ে দাফন-কাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ খবর পেয়ে নিহতের বাড়িতে যায়। ময়নাতদন্তসহ আইনগত কার্যক্রমের জন্য মরদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেন। এক পর্যায়ে স্থানীয়রা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।
এতে সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নেজাম উদ্দিন, কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লব কুমার রায় ও কনস্টেবল আশরাফুল ইসলাম আহত হন।পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এ মামলায় ১০জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।