June 2, 2026, 3:31 pm

ময়মনসিংহে প্রতিকূলতা জয় করা ৫ নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা

Reporter Name
  • আপডেট Tuesday, March 3, 2026
  • 107 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহে সমাজ উন্নয়ন ও নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন নারীকে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এবং বিভাগীয় প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী জিয়াউল বাসেতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। তিনি বলেন, অদম্য নারীরা প্রতিকূলতার কাছে নতি স্বীকার করেন না। সংগ্রাম, দায়িত্ব ও স্বপ্নকে সমানভাবে ধারণ করে তাঁরা সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে তিনি উল্লেখ করেন।
এ বছর সম্মাননা প্রাপ্তরা হলেন- অর্থনৈতিক ক্ষেত্রে সফল নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী ডা. উম্মে রাকিবা জাহান মিতু, সফল জননী হিসেবে হাসনা হেনা বারী, সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাহমিদা ইসলাম এবং নির্যাতনের বিভীষিকা পেরিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়ানো নাসরিন বেগম।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। বক্তারা সমাজে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নারীদের স্বাবলম্বী হওয়ার পথে সকল বাধা দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর