স্টাফ রিপোর্টার, টঙ্গী :: তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শ্রমিকরা। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে স্থানীয় চেরাগআলী টঙ্গী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, তিন মাসের বেতন বকেয়া রেখেই কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় অবস্থিত আলট্রা ওয়াশিং এণ্ড ডায়িং লিমিটেড কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। উপায় না পেয়ে বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।
শ্রমিকরা জানান, বকেয়া বেতন না পেয়ে দেড় শতাধিক শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। মানববন্ধন শেষে শ্রমিকরা কারখানার গেটে বিক্ষোভ করেন এবং দ্রুত বকেয়া পরিশোধ ও কারখানা চালুর দাবি জানান।
শ্রমিক জাকির হোসেন বলেন, কর্তৃপক্ষ বারবার সময় নিয়েও বকেয়া বেতন পরিশোধ করেনি। কারখানা কবে খুলবে সে বিষয়েও তারা চুপ।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। গাজীপুর শিল্প পুলিশ -২ এর এসআই আজাদ রহমান বলেন, বিষয়টি আমার জানা নাই।