May 31, 2026, 2:23 pm

গাজীপুর সিটি করপোরেশনের ১৮০ দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসির নতুন প্রশাসক শওকত

Reporter Name
  • আপডেট Wednesday, February 25, 2026
  • 127 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই নগরীর উন্নয়নে ১৮০ দিনের (৬ মাস) পরিকল্পনা ঘোষণা করেছেন শওকত হোসেন সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নগর ভবনে দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে তিনি এই কর্মপরিকল্পনা তুলে ধরেন।
আজ বুধবার সকাল নয়টায় নগর ভবনে পৌঁছে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নগর ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার সচিবের সঙ্গে ভার্চুয়াল সভা এবং সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রশাসক জানান, নগরবাসীর যানজটের দুর্ভোগ কমাতে আগামী ছয় মাসের মধ্যে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর একটি ফ্লাইওভারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। ঢাকার সাভার ও আশুলিয়ার সঙ্গে যোগাযোগ সহজতর করতে কাশিমপুর এলাকায় দুটি সেতুর নির্মাণ কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও ঢাকার সঙ্গে সংযোগকারী বিকল্প সড়কগুলোরও উন্নয়ন করা হবে বলে তিনি জানান।
নগরীর পরিবেশ রক্ষায় প্রশাসক প্রধানত দুটি বড় পদক্ষেপের কথা উল্লেখ করেন। এর মধ্যে একটি খাল খনন। তিনি জানান, মহানগরীর অভ্যন্তর দিয়ে প্রবাহিত ১৯টি খাল জরুরি ভিত্তিতে খনন করা হবে। এর ফলে জলাবদ্ধতা কমবে এবং মশার উপদ্রব থেকে নগরবাসী রক্ষা পাবে। অপরটি হলো গাজীপুরকে গ্রিন ও ক্লিন সিটি গড়ে তোলা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গাজীপুরকে একটি সবুজ ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করতে ফুটপাথ অবৈধ দখলমুক্ত করা, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, ডিশ লাইন অপসারন, সড়ক বাতির ব্যবস্থা করার ঘোষণা করেন তিনি।
সামাজিক শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান শওকত হোসেন সরকার। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে তিনি মহানগরীর ৫৭টি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ এবং একটি শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। সুস্থ ধারার শিল্প ও সাংস্কৃতিক কার্যক্রমকেও বেগবান করার আশ্বাস দেন তিনি।
সিটি করপোরেশনকে শতভাগ দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার করে তিনি বলেন, নাগরিক সেবা সহজলভ্য করতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সমন্বয় করে কাজ করা হবে। জনকল্যাণমুখী প্রশাসন গড়তে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের এমপি মজিবুর রহমান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান, সচিব মো. আমিন আল-পারভেজ, টঙ্গী রিপোর্টার্স  ক্লাবের সভাপতি পীরজাদা মো: নোয়াব আলী, গাজীপুর মহানগর বিএনপি নেতা এম আশরাফ হোসেন টুলু, এড. আব্দুস সালাম, জয়নাল আবেদীন তালুকদার, রায়হান আহাম্মেদ হৃদয়, মো. মোস্তফা নীনা, মনিরুল ইসলাম মনির সহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর