স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরকে যানজট, জলাবদ্ধতা ও অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা থেকে মুক্ত করে “গ্রিন অ্যান্ড ক্লিন সিটি” গড়ে তুলতে ১৮০ দিনের (ছয় মাস) সমন্বিত কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার। দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই তিনি উন্নয়ন, পরিবেশ, সামাজিক শৃঙ্খলা ও সুশাসন-এই চার অগ্রাধিকার খাতে সময়বদ্ধ রোডম্যাপ তুলে ধরেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নগর ভবনে পৌঁছে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন তিনি। পরে স্থানীয় সরকার সচিবের সঙ্গে ভার্চুয়াল বৈঠক এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে ৬ মাসের পরিকল্পনা উপস্থাপন করেন।
প্রশাসক জানান, নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমাতে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর আগামী ছয় মাসের মধ্যেই স্থাপন করা হবে। ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করতে কাশিমপুর এলাকায় দুটি সেতুর নির্মাণকাজ শুরু হবে এবং সাভার ও আশুলিয়ার সঙ্গে সংযোগকারী বিকল্প সড়কসমূহ উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। নগরীর জলাবদ্ধতা ও মশার উপদ্রব কমাতে মহানগরের অভ্যন্তরে প্রবাহিত ১৯টি খাল জরুরি ভিত্তিতে খননের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে অবৈধ দখলমুক্ত ফুটপাত, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, অবৈধ ডিশ লাইন অপসারণ এবং পর্যাপ্ত সড়ক বাতি স্থাপনের মাধ্যমে গাজীপুরকে সবুজ ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।
সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে প্রশাসক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে মহানগরের ৫৭টি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ ও একটি করে শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং সুস্থ ধারার শিল্প-সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করা হবে।
সিটি কর্পোরেশনকে শতভাগ দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার করে তিনি বলেন, নাগরিক সেবা সহজলভ্য করতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্সদ সোহেল হাসান, সচিব আমিন আল পারভেজসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, যানজট ও জলাবদ্ধতায় ভোগা গাজীপুরে ঘোষিত ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়িত হলে দৃশ্যমান পরিবর্তন আসতে পারে।