নিজস্ব প্রতিবেদক :: প্রশাসনিক কাজে কোনো ধরনের রাজনৈতিক চাপ থাকবে না বলে সরকারি কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। সোমবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি কর্মকর্তাদের স্বচ্ছতা ও নির্ভয়ে কাজ করার আহ্বান জানান।
পেশাদারিত্বের ওপর গুরুত্ব দিয়ে এমপি মাসুদ সাঈদী বলেন, আমার নাম ভাঙিয়ে বা আত্মীয় পরিচয় দিয়ে কেউ অনৈতিক তদবির করতে আসলে তাকে সরাসরি আইনের হাতে সোপর্দ করবেন। প্রশাসনের ওপর কোনো রাজনৈতিক প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পৌরসভার নাগরিক দুর্ভোগ লাঘবে ৩৫০ কোটি টাকার একটি মেগা প্রজেক্ট পুনরায় চালু করার ঘোষণা দিয়ে তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে নাজিরপুর মোড় থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রশস্ত করা হবে। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে এলজিইডির সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ শুরু হবে বলেও তিনি আশ্বাস দেন।
শিক্ষার মানোন্নয়ন নিয়ে মাসুদ সাঈদী বলেন, শুধু সুন্দর ভবন করলেই হবে না, শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ক্লাসরুম করার মাধ্যমে জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করার পরিকল্পনার কথা জানান তিনি।
বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন পরিবেশে তাঁদের আকাঙ্ক্ষা পূরণ করাই বর্তমান রাজনীতির লক্ষ্য।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।