April 21, 2026, 8:17 pm

কিশোর গ্যাং ও অপসংস্কৃতি মোকাবিলায় ৪১ ওয়ার্ডে হবে ৪১টি খেলার মাঠ : চসিক মেয়র

Reporter Name
  • আপডেট Sunday, February 22, 2026
  • 61 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কিশোর গ্যাং ও অপসংস্কৃতি মোকাবিলায় চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ রোববার ২৫ নম্বর রামপুর ও ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে বাস্তবায়িত তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন।
চসিক মেয়র ডা. শাহাদাত বলেন, গত ১৬ বছরে সমাজের অন্যতম বড় সমস্যা হিসেবে কিশোর গ্যাং সংস্কৃতি বিস্তার লাভ করেছে। তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করতে না পারলে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়। ‘মাঠভিত্তিক ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড কিশোর অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।’
চসিক মেয়র বলেন, পড়ালেখার পাশাপাশি কিশোর-তরুণদের খেলাধুলাও অপরিহার্য। ‘সুস্থ দেহে সুস্থ মন গড়ে ওঠে’—এই দর্শন বাস্তবায়নে নগরে পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করা হচ্ছে।
এ সময় তিনি বলেন, ইতোমধ্যে মহসিন কলেজ মাঠ, বাকলিয়া স্কুল মাঠ, বহুরূপী মাঠ, আকবর শাহ এলাকার ফিরোজশাহ মাঠ, আগ্রাবাদ শিশুপার্ক সংলগ্ন জাম্বুরি মাঠ ও হালিশহর বিডিআর মাঠ উন্নয়ন বা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলা হবে বলে জানান মেয়র।
ডা. শাহাদাত হোসেন বলেন, ২৫ নম্বর রামপুর ওয়ার্ডস্থ হালিশহর এইচ ব্লক আবাসিক এলাকা মাঠের উন্নয়ন, ওয়াকওয়ে নির্মাণ ও আনুষঙ্গিক কাজ প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে। এরপর চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ২৫ নম্বর রামপুর ওয়ার্ডস্থ হালিশহর এসি মসজিদ থেকে ওয়াপদা মোড় পর্যন্ত প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ১ কিলোমিটার দৈর্ঘ্য ও গড়ে ৩৫ ফুট প্রশস্ত সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এছাড়া মহেশখালের উপর প্রায় ১২ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে ২৩.৭০ মিটার দৈর্ঘ্য ও ১০.৫০ মিটার প্রস্থের একটি সেতুর উদ্বোধন করেন মেয়র।
এ সময় আরও উপস্থিত ছিলেন—বর্ডার গার্ড বাংলাদেশ এর চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, চসিক-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) আবু সাদাত তৈয়ব ও নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর