July 26, 2026, 2:00 am

গাজীপুরে কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান

Reporter Name
  • আপডেট Wednesday, February 18, 2026
  • 157 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের বোর্ড বাজার এলাকায় বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন পোশাকশ্রমিকরা। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে রাবাব ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হন।
শ্রমিকদের অভিযোগ, হঠাৎ করেই কারখানা কর্তৃপক্ষ লে-অফ ঘোষণা করেছে। এতে সামনে রমজান ও ঈদকে ঘিরে পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।
কারখানার শ্রমিক মশিউর রহমান বলেন, আজ সকালে কারখানায় এসে দেখি লে-অফ ঘোষণা করা হয়েছে। সামনে রোজা ও ঈদ। এ অবস্থায় পরিবার নিয়ে আমরা দিশাহারা হয়ে পড়েছি।
তিনি জানান, কারখানাটিতে প্রায় ৭০০ শ্রমিক কাজ করেন এবং চলতি মাসের বেতনও বকেয়া রয়েছে।
শ্রমিকেরা জানান, প্রথমে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন। সমাধান না এলে শ্রমিক নেতাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
কারখানা কর্তৃপক্ষের দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাস ধরে ক্রেতাদের অর্ডারের বিপরীতে কাঁচামাল সংগ্রহে বিলম্ব ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে অর্ডার কমে গেছে এবং অনেক অর্ডার বাতিল হয়েছে। নতুন অর্ডার না পাওয়ায় উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এবং প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে। এ সময় শ্রমিকদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে এবং কর্মস্থলে উপস্থিত থাকার প্রয়োজন নেই। তবে নিরাপত্তা বিভাগের কর্মীরা এ নোটিশের আওতার বাইরে থাকবেন। রাবাব ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শাহীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক বিকাশ জানান, কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর