দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাহারছড়া কচ্ছপিয়া এলাকার কথিত মানবপাচারকারী মো. আব্দুল আলী তার নিজ বাড়ির একটি গুদামঘরে আটকে রেখেছে।
লেফটেন্যান্ট কমান্ডার আরও জানান, গত ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও র্যাবের সমন্বয়ে ওই বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বাড়ির গুদামঘরে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও কম খরচে বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় নেওয়ার পরিকল্পনা করছিল।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, উদ্ধার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মানবপাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।