স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক উদ্বোধনের আগেই দেবে গেছে। সড়ক নির্মাণ শেষ হওয়ার মাত্র ৯ দিনের মাথায় মহানগরীর কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় সড়কের একটি অংশ প্রায় ১২ ফুট নিচে দেবে গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কাশিমপুর নামা বাজার থেকে ধন্দখালী গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের একটি অংশে বড় ধরনের ধস নেমেছে। প্রথমে সড়কে ফাটল দেখা দিলেও পরে তা ভেঙে ১০-১২ ফুট নিচে দেবে যায়।
কাশিমপুর বারিন্দা গ্রামের বাসিন্দা আনিসুর রহমান বলেন, ‘সড়ক প্রায় ১০-১২ ফুট দেবে গেছে। সব মিলিয়ে প্রায় ২০ ফুট দেবে গেছে। এতে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। কখন সড়ক ভেঙে নদীতে চলে যায় সেই শঙ্কা রয়েছে। এতে পাশের কাশিমপুর উচ্চ বিদ্যালয় ও ধন্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
গাজীপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইউসিসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কাশিমপুর এলাকায় তুরাগ নদের পশ্চিম তীরে সিটি কর্পোরেশনের অর্থায়নে বিটুমিনাস কার্পেটিংয়ের মাধ্যমে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়। প্রকল্পের আওতায় দুইটি প্যাকেজের মাধ্যমে ২৫০ মিটার ডব্লিউবিএম, ৬০ মিলিমিটার কার্পেটিং, প্রায় ১ দশমিক ৮ মিটার ফুটপাত, রেলিং ও গার্ড ওয়াল নির্মাণের কথা রয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক একেএম হারুনুর রশীদ বলেন, ‘এটি একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে। নদীর পাড়ে সড়কের প্রায় ১০-১২ ফুট অংশ দেবে গেছে। ১১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ধসের কারণ অনুসন্ধানে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটি মাটি ধসে যাওয়ার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।