নিজস্ব প্রতিবেদক :: সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ িসময় তাদের কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম গাঁজা এবং তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম।
এর আগে শনিবার বিকেলে সাভারের রাজফুলবাড়িয়া রাজাঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সময় তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সাভার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন রংপুর জেলার মিঠাপুকুর থানার সানেরহাট গ্রামের বকুল হোসেনের ছেলে মো. বিল্লাল (৩২), ঢাকা জেলার সাভার থানার রাজাঘাট এলাকার বাসিন্দা মো. রফিক মিয়ার স্ত্রী ফুলজান (৪৫) এবং একই এলাকার মৃত ফজর হকের ছেলে মো. রাশেদ (২৯)।
ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভারের রাজাঘাট এলাকায় যায় পুলিশ। সেখানে মাদক কেনাবেচার সময় এক নারীসহ পেশাদার তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম গাঁজা এবং তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তাররা এলাকায় চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। পুলিশের সিডিএমস পর্যালোচনা করে দেখা গেছে, এর আগেও গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে। মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে ভবিষ্যতেও এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।