June 1, 2026, 1:07 am

ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব: আনসার-ভিডিপি মহাপরিচালক

Reporter Name
  • আপডেট Saturday, February 7, 2026
  • 93 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার গাজীপুরে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এ সময় আনসার সদস্যদের নির্বাচনি দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে সকল সদস্যকে অটল পাহাড়ের মতো দৃঢ় অবস্থানে থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট ও রাজনৈতিক প্রভাব ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার নির্দেশ দেন।
তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব। নির্বাচনি সুরক্ষা অ্যাপসহ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে যেকোনো অপ্রীতিকর ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে হবে, যাতে দ্রুত টহল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার-ভিডিপি সদস্যের মধ্যে দুইজন সদস্য সরাসরি নির্বাচনি সুরক্ষা অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিবেদন দাখিল করবেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জেলা কমান্ড্যান্ট থেকে শুরু করে আনসার-ভিডিপি সদর দপ্তর পর্যন্ত একটি শক্তিশালী অবজারভার টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় দায়িত্ব পালনের সক্ষমতা বিবেচনায় শারীরিকভাবে সুস্থ, প্রশিক্ষিত ও স্মার্ট সদস্যদেরই এবারের নির্বাচনি দায়িত্বে বাছাই করা হয়েছে। দেশ ও বাহিনীর পতাকাকে সমুন্নত রেখে রাষ্ট্রের অর্পিত এই পবিত্র দায়িত্ব এবং জনগণের আমানত সঠিকভাবে রক্ষা করাই সকল সদস্যের প্রধান কর্তব। আনসার-ভিডিপি শুধু নির্বাচনকালীন দায়িত্বেই সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবী শক্তি হিসেবে সদা প্রস্তুত একটি বৃহৎ বাহিনী। বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জাতীয় প্রয়োজনে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যরা আগামীতেও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনআস্থা আরও সুদৃঢ় করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর