নিজস্ব প্রতিবেদক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
এ সময় উপস্থিত সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের মাধ্যমে ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন। সভায় পুলিশ কমিশনার মোঃ ইসমাইল হাওলাদার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি সাংবিধানিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভোটের দিন আইন-শৃঙ্খলার রক্ষা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভোটাররা যেন ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি, গাজীপুর সিটি কর্পোরেশন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, ডিজিএফআই, র্যাব, এনএসআই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পল্লী বিদ্যুৎ সমিতি-১ গাজীপুরের প্রতিনিধি। এছাড়াও বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারবৃন্দও সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে সব সংস্থা সমন্বয়ের মাধ্যমে ভোটকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করে।