নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া হানু মার্কেট এলাকায় গার্মেন্টসের এক নারী শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ। নিহত নারী শ্রমিক হলেন-ময়মনসিংহের হালুয়াঘাট থানার রহেলা এলাকার মো. দুলাল মিয়ার মেয়ে প্রিয়তা (২০)। তিনি শ্রীপুরে একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন।
অভিযুক্ত মো. আনোয়ারুল ইসলাম (২৪) ময়মনসিংহের ফুলপুর থানার ডাইলের বাজার এলাকার মো. আকরাম আলীর ছেলে। পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, কয়েক বছর আগে আনোয়ারুল ইসলামের সঙ্গে প্রিয়তার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ৩ বছরের এক ছেলে রয়েছে।
এরমধ্যে আনোয়ারুল ইসলাম মাদকাসক্ত হয়ে পড়ে। বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ৩ মাস আগে আনোয়ারুল ও প্রিয়তার তালাক হয়। এরপর শ্রীপুর উপজেলার ধনুয়া হানু মার্কেট এলাকায় ভাড়া থেকে একটি গার্মেন্টসে চাকরি করতো প্রিয়তা।
প্রতিদিনের মতো দুপুরে খাবার খেতে কারখানা থেকে বাসায় ফিরছিল প্রিয়তা। এসময় আনোয়ারুল ইসলাম তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে আনোয়ারুল ইসলামকে আটক করে। এরমধ্যেই প্রিয়তা মারা যায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক আনোয়ারুল ইসলামকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।