June 1, 2026, 3:24 am

নাটোরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

Reporter Name
  • আপডেট Thursday, February 5, 2026
  • 94 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নাটোর সদর উপজেলার কানাইখালী এলাকায় গভীর রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি অবৈধ জার্মান আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও মদ উদ্ধার করা হয়েছে। এ সময় তাপস (৩৫) ও প্রান্ত (২৭) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
বুধবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে যৌথ বাহিনী সন্দেহভাজনদের হেফাজত থেকে একটি জার্মান শটগান, একটি রাইফেলের বডি, অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম এবং কয়েকটি মদের বোতল জব্দ করে। অভিযান শেষে আটক ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কানাইখালী এলাকায় কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিকে অস্ত্র উদ্ধারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর ধারণা, এ অভিযানের মাধ্যমে সম্ভাব্য বড় ধরনের অপরাধের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে এ ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর