নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১৮ জন মাদক কারবারি ও সেবনকারী এবং চারজন নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল বারিক। এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ৭টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত বিহারি ক্যাম্প, আজিবপুর সোনা মিয়া মাঠ, বার্মা স্ট্যান্ড ও পশ্চিম সানারপাড় এলাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আল আমিন (৩০), ডালিম (৩৫), নাছরিন (৩০), লুৎফর দেওয়ান (৪০), খন্দকার ওয়ালি উল্লাহ শাওন (২৮), পলাশ (২৮), মোহাম্মদ সাঈদ (৪৮), সালমা (২৮), মুরাদ হাসান (২২), মোহাম্মদ মনির হোসেন (৫৫), মোহাম্মদ মোহর আলী (৫৬), মোহাম্মদ মিলন (৩২), মোহাম্মদ সুজন (৪৫), মোহাম্মদ রুবেল (২৬), আবদুর রাজ্জাক (৪৫), মোহাম্মদ জালাল হোসেন (৪৮), মোহাম্মদ খোকন মিয়া (৩০) ও আল আমিন (২০)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১৫৩ পুরিয়া হেরোইন, ৮৭০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের অনেকের বিরুদ্ধে এর আগেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
এছাড়া বার্মা স্ট্যান্ড এলাকায় মলম পার্টির চার সদস্যকে আটক করা হয়েছে। তারা হলেন শিল্পি আক্তার (৩৭), নাসরিন আক্তার (২৮), নাসিমা বেগম (৩০) ও মোর্শেদা বেগম (২৮)। তাদের কাছ থেকে ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক আব্দুল বারিক জানান, এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদের নামে আগেও মাদক ও ছিনতাই এর মামলা আছে। আজ গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।