স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মুস্তাফিজুর রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, “গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মুস্তাফিজুর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, “আজ আমরা এমন এক শোকাবহ সংবাদে স্তব্ধ ও ব্যথিত, যা এ দেশের মানুষের হৃদয়ে গভীর শূন্যতা সৃষ্টি করেছে। বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিকই ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের অগ্রসেনানী, একজন দেশপ্রেমিক ও আপসহীন সংগ্রামী নেত্রী। তার সংগ্রাম, ত্যাগ, নেতৃত্ব ও সাহস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার জীবন আদর্শ, অনুপ্রেরণা ও নৈতিক দৃঢ়তার প্রতীক। তার নীতি ও আত্মত্যাগী নেতৃত্ব প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।”
শোকবার্তা প্রদান শেষে উপাচার্যের নেতৃত্বে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন।