July 23, 2026, 11:27 pm

বৈষম্যবিরোধী আন্দোলনে স্কুলছাত্রকে হত্যাচেষ্টা, আ. লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, December 31, 2025
  • 150 জন দেখেছে

কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধি:: কুমিল্লার দেবীদ্বারে গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু বকর (১৬) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগ নেতা মো. সফিকুল ইসলামকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখাড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সফিকুল ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি ধামতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেবীদ্বার নিউ মার্কেট কলেজ রোড এলাকায় স্কুলছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সোমবার রাতে আওয়ামী লীগ নেতা সফিকুলকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে কুমিল্লা ৪ নম্বর আমলি আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা তাকে আবু বকর হত্যা চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেন।’
প্রসঙ্গত, স্কুলছাত্র আবু বকরকে হত্যাচেষ্টার ঘটনায় তার বাবা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ মোট ৭৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার সফিকুল ওই মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তিনি সন্দেহভাজন আসামি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর