স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পুবাইল একটি কার্টন উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে পুবাইল থানার বসুগাঁও এলাকায় অবস্থিত ‘দিশারী কম্পোজিট লিমিটেড’ কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্টিল স্ট্রাকচারে নির্মিত তিনতলা ভবনটিতে হঠাৎ আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন কারখানায় থাকা বিপুল পরিমাণ কার্টন ও দাহ্য কাঁচামাল পুড়ে গেছে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি, গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটিসহ সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, কারখানায় বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে, যা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তার খাতিরে কারখানার আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে।