নিজস্ব প্রতিবেদক :: রাজধানী ঢাকার মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে আদাবর এলাকায় দেশীয় অস্ত্রসহ মো. সুজন বেপারী (২৭) ও মো. রাব্বি (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা চিহ্নিত কিশোর গ্যাং সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে। অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে তারা একটি দুইতলা ভবনের ছাদ থেকে পাশের টিনশেডের ওপর লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় তাদের আটক করা হয়।
এ ছাড়া শুক্রবার রাতে পৃথক অভিযানে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকা থেকে ১৩০ পুরিয়া ও ১০৫ গ্রাম হেরোইনের প্যাকেট, ২০০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকাসহ মো. বুলু (৪০) ও মো. শাহাবুদ্দিন (২৪) নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মোহাম্মদপুর ও আদাবর থানায় অপরাধীদের হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা চলমান রয়েছে।