স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে জবাবদিহিতা চর্চা নিশ্চিত করতে তারুণ্যের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী চাহিদা সৃষ্টিতে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসন, গাজীপুর, দুর্নীতি দমন কমিশন- সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সচেতন নাগরিক কমিটি (সনাক), গাজীপুর ও টিআইবি এর সম্মিলিত উদ্যোগে নানা কর্মসুচির মধ্য দিয়ে গাজীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। দিবসের শুরুতে দুদক- সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর এর সামনে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর গ্রহণ ও র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যে একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে ধারণ করে মানবন্ধন ও ভাওয়াল সম্মেলন কক্ষে মাহমুদ হাসান, সভাপতি, দুপ্রক এর সভাপত্বিতে ‘দুর্নীতির দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক দিবসের আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। বিভিন্ন শ্রেণি পেশার চার শতাধিক নাগরিকের অংশগ্রহণে র্যালি ও মানবন্ধন কর্মসূচি সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর মোহাম্মদ আলম হোসেন, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত ডিআইজি মো: জাহিদুল করিম ভূঞা, পিপিএম (বার), গাজীপুর মেট্রোপলিটন, গাজীপুর মহানগর ও মো: শরিফ উদ্দিন, পুলিশ সুপার, গাজীপুর উপস্থিত ছিলেন। অন্যান্যের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোতাছেম বিল্যাহ, গাজীপুর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো: শাহরিয়ার নজির, মো: নাজমুল হুসাইন, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন- সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর, মো: মুশফিক-উল-আলম, এনডিসি, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর, সচেতন নাগরিক কমিটি (সনাক) সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শেকানুল ইসলাম (শাহী), সনাক সদস্য মো: হাসান আলী, রোকেয়া চৌধুরী, দুপ্রক সহ-সভাপতি ও সনাক সদস্য ফয়জুন্নেছা লাভলী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক মো: ছাইদুর রহমান, সনাক সদস্য সাইফুল ইসলাম প্রমুখসহ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সহকারি পরিচালক ও ইন্সপেক্টরবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া বিভিন্ন সরকারি-বেসকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সমাজকর্মি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মিসহ টিআইবি’র সহযোগিতায় গঠিত একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট গ্রুপ (ইয়েস), সনাক এবং দুপ্রক-গাজীপুর এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুপ্রক সহ-সভাপতি এ এন এম মুনীর হোসাইন মোল্লা।
বক্তাগণ ২০২৫ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ (ইউএনসিএসি) গৃহীত হওয়ার বিষয়টি উল্লেখ করে জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য “আগামীর বিশ্বকে নেতুত্ব দিবে আজকের তরুণ প্রজন্ম” এর প্রতিও একাত্মতা পোষণ করেন। এরই ধরাবাহিকতায় সুখি- সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দুর্নীতিকে প্রধান অন্তরায় হিসেবেও উল্লেখ করেন।
প্রধান অতিথি বলেন, সরকারি-বেসরকারি পর্যায়ে সেবা প্রদানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে জবাবদিহিতা চর্চা নিশ্চিত করতে তারুণ্যের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী চাহিদা সৃষ্টি একান্ত জরুরী। বক্তাগণ দেশে বৃহৎ পরিসরে দুর্নীতিবিরোধী চাহিদা সৃষ্টিতে পরিবার থেকে শুদ্ধাচার চর্চার প্রতি গুরুত্বরোপ করেন। দুর্নীতি শুধু ঘুষ নয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যেখানে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ প্রাধন্য পায় সেখানে ন্যায় বিচার হারিয়ে যায় এবং সকল সেবা খাতে এর প্রভাব ভয়াহব আকার ধারণ করেছে। তাই দুর্নীতির ন্যায় একটি বৈশ্বিক সমস্যার চ্যালেঞ্জ মোকাবেলা ও প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার ক্ষেত্র প্রস্তুতের অংশ হিসেবে তরুণ প্রজন্মের দুর্নীতিবিরোধী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ, কোনো ধরনের বাধা বা বিপত্তি ছাড়া মুক্তমনে দুর্নীতি নিয়ে আলোচনা ও তাদের অভিজ্ঞতা বিনিময় করতে এবং দুর্নীতি প্রতিরোধ ও সমাধানে তাদের উদ্ভাবনীশক্তিকে কাজে লাগানোর বিষয়ে ঐক্যমত পোষণ করেন। দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও অভিপ্রায় থাকাও জরুরি বলে উল্লেখ করেন। এসময় দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে প্রকাশিত ধারণাপত্রের ১২ দফা সুপারিশ উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর আবুল ফজল মোহাম্মদ আহাদ। আলোচনা সভা শেষে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।