নিজস্ব প্রতিবেদক, খুলনা :: খুলনার দাকোপে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার কাকড়াবুনিয়া, বটবুনিয়া ও কালাবগীতে পৃথক তিনটি স্থানে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতরা হলেন— সুতারখালী ইউনিয়নের কালাবগী ঝুলন্তপাড়ার সুজিত সরদার (৩৫), কাকড়াবুনিয়ার আজিজুল শেখ (৬১) ও বটবুনিয়ায় ট্রলারে থাকা অবস্থায় পাইকগাছার খোরশেদ শেখ (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দাকোপ তিলডাঙ্গা ইউনিয়নে কাকড়া বুনিয়া গ্রামের তিলডাঙ্গা ইউনিয়নে কাকড়া বুনিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তার শেখের ছেলে আজিজুল শেখসহ তিনজন একসঙ্গে মৎস্য ঘেরের রাস্তায় মাটি কাটার কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে মারা যান আজিজুল শেখ।
অপরদিকে সুতারখালী ইউনিয়নের কালাবগী গ্রামের সুজিত মন্ডলসহ চার থেকে পাঁচজন কালাবগী নদীতে মাছ ধরার জন্য জাল পেতে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাতে হলে সুজিত মন্ডল মারা যান। এ সময় একই এলাকার আনিস গাজী, ইসমাইল, রিপন বৈদ্য, শাহারিয়া বেগম নামে মৎস্যজীবীরা আহত হন। অন্যদিকে বটবুনিয়া এলাকায় ট্রলারে থাকা অবস্থায় বজ্রপাতে খোরশেদ শেখ মারা গেছেন।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পাপিয়া সুলতানা বলেন, সকালে দাকোপের পৃথক তিনটি স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। এছাড়া তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে।