July 4, 2026, 5:38 pm

কাউন্টার ভাঙচুরের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ বাস চলাচল বন্ধ

Reporter Name
  • আপডেট Tuesday, August 19, 2025
  • 57 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কাউন্টার ভাঙচুরের ঘটনায় ঢাকা-ময়মনসিংহসহ এ অঞ্চলের ছয় জেলার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে নগরীর মাসকান্দায় ইউনাইটেড পরিবহনের বাস কাউন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বছরের নভেম্বরে মোটর মালিক সমিতির সভাপতি ছিলেন শরাফ উদ্দিন কোহিনূর (মহানগর বিএনপির সিনিয়র সদস্য)। একই কমিটিতে আব্দুর রব আকন্দ রতনকে মহাসচিব পদে নির্বাচিত করে ৭৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে আমাকে সভাপতি করে কমিটি দেওয়া হয়। এতেই বাদে বিপত্তি। আমাদের কমিটিকে মেনে না নিয়ে আগের কমিটি আদালতে মামলা করে। মামলা আদালতে চলমান। এখন তারা সমিতিতে গাড়ি ভর্তি না করে জোরপূর্বক চালাতে চাচ্ছে। তাদের ইশারায়, বাস কাউন্টার ভাঙচুর করেছে লোকজন। এসময় কাউন্টারে থাকা ল্যাপটপ ও টাকা নিয়ে চলে যান তারা। যাওয়ার আগ মুহূর্তে বাস চলাচল করলে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
তিনি আরও বলেন, কোহিনূরের ভাই জসিমের ইশারায় এই ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। আমরা বাস বন্ধ রাখার ঘোষণা দেইনি। তবে সড়কে বাস চললে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এমন আশংকায় বাস মালিকরা ময়মনসিংহ অঞ্চলের ৬ জেলার বাস বন্ধ রেখেছে। ময়মনসিংহ জিলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, ভাঙচুরের পর থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর