July 4, 2026, 7:07 pm

পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে: ডিএমপি কমিশনার

Reporter Name
  • আপডেট Monday, August 18, 2025
  • 112 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ সোমবার (১৮ আগস্ট) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির জুলাই-২০২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর দেশে সুন্দর একটি জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এই নির্বাচনে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। পুরো পুলিশ বাহিনীর মান ও মর্যাদা পুনরুদ্ধারে সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। নির্বাচনের সময় ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত জনবল মোতায়েন থাকবে। রাজধানীতে মোটরসাইকেল ব্যবহার করে অপরাধের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এই প্রবণতা নিয়ন্ত্রণে কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, জনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএমপির সব সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি অপরাধ সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে এবং সাধারণ জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস)-এর তথ্য নিয়মিত আপডেট রাখতে হবে। সিআইএমএসের সঠিক ও সময়োপযোগী ব্যবস্থাপনা তদন্ত প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দক্ষ করবে। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুলাই মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর