স্টাফ রিপোর্টার :: টঙ্গীতে ছিনতাই, কিশোর গ্যাং ও চাঁদাবাজি বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদল। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে টঙ্গী বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিতালী পাম্প থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ফ্লাইওভারের উপরে গিয়ে মিছিলটি শেষ হয়। টঙ্গী ও আব্দুল্লাহপুরসহ বিভিন্ন স্থানে ছিনতাই ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে যুবদল নেতা অভি দেওয়ানের উদ্যোগে এ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদল নেতা সৌমিক সরকার, টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভি দেওয়ানসহ যুবদলের নেতাকর্মীরা।
এ সময় অভি দেওয়ান বলেন, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের নির্দেশনায় ও গাজীপুর মহানগর যুবদলের নেতা সৌমিক সরকার তত্বাবধানে চুরি, ছিনতাই প্রতিরোধে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিদিন আমাদের টিম টঙ্গী বাজার এলাকা ও ফ্লাইওভার উপরে মহড়া দিবেন।
প্রতিবাদ সমাবেশে গাজীপুর মহানগর যুবদল নেতা সৌমিক সরকার বলেন, বিএনপিতে কোনো ছিনতাইকারী, চাঁদাবাজ বা সন্ত্রাসীদের জায়গা নেই। এদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে । যাদের বিরুদ্ধে ইতোমধ্যে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে তদন্ত চলছে। কেউ প্রমাণিত হলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫ আগস্ট বিজয়ের দিকে এগিয়ে গেছি। সেই বিজয় ধরে রাখতে হলে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং দেশের মানুষের পক্ষে কাজ করতে হবে। আমরা যারা বিএনপি করি সকলে মিলে ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করলে অবশ্যই এসব অন্যায় বন্ধ হয়ে যাবে। নিহত কলেজ ছাত্র মাহফুজুর রহমানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এবং বিগত দিনে ছিনতাই ও অন্যায় প্রবণতা এলাকায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ,গত ৯ জুলাই রাতে টঙ্গী বাজার ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।নিহত মো. মাহফুজুর রহমান (২২) হাজী এবাদউল্লাহ কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।