আব্দুল কাদের, টঙ্গী :: আল্লাহর নিকট নিজেকে আত্মসমর্পণ ও অশ্রুসিক্ত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম ধাপের প্রথম পর্ব। আখেরী মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলীগ জামায়াতের বিশিষ্ট বুজুর্গ আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। আজ রবিবার সকাল ৯টা ১১ মিনিট থেকে শুরু হয়ে ৯টা ৩৫ মিনিটে শেষ হয়। মোনাজাতে সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, মুক্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে, বিভেদ ভুলে ঐক্যেবদ্ধ থাকার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করেন। এ সময় পুরো ইজতেমা ময়দানসহ এর আশপাশের এলাকায় আমীন, আলাহুম্মামীন ধ্বনিতে প্রকম্পিত হয় টঙ্গীর আকাশ-বাতাস। রাজধানী ঢাকাসহ সমগ্র বাংলাদেশের প্রায় কয়েক লক্ষাধিক মুসল্লি ছাড়াও আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিশ্বের অর্ধশতাধিক বিদেশি রাষ্ট্রের প্রায় ২ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান।
বিশাল জনসমুদ্র থেকে মধ্যাহ্নের আকাশ কাপিয়ে ধ্বনি উঠে-‘ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ’। আখেরি মোনাজাতের সময় মুঠোফোন, বেতার, ওয়ারলেস সেট, ইলেকট্রনিক্স মিডিয়া এবং স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাদে দেশ-বিদেশের আরো লাখ লাখ মানুষ এক সঙ্গে হাত তুলেছেন ক্ষমাশীল পরওয়ারদিগারের শাহী দরবারে। গুনাহগার, পাপী-তাপী বান্দা প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নায় চোখের পানিতে বুক ভাসিয়েছেন।
নারীদের মোনাজাতে অংশগ্রহণ: প্রতি বছরের ন্যায় এবারও আশপাশের এলাকা থেকে নারীরা ইজতেমার আখেরী মোনাজাতে অংশগ্রহণ করেছেন। সকাল থেকে ময়দানের চারপাশে বিভিন্ন অলি-গলির খালি জায়গায় বসে হাজার হাজার মহিলা আখেরি মোনাজাতে শামিল হন। টঙ্গীর ইজতেমা ময়দানের চারপাশে মিলগেট, কলেজগেট, স্টেশন রোড, টঙ্গী বাজার, কামারপাড়া, আব্দুল্লাহপুরসহ ময়দানের চারদিকে রাস্তার পাশে ও ফুটপাতে নারীরা বসে মোনাজাতে শরিক হন। অনেককেই আঁচল পেতে মোনাজাত করতে দেখা যায়।
আখেরি মোনাজাত উপলক্ষে আজ ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নামে। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার। এই পুরো পথ হেঁটেই মুসল্লিদের আখেরি মোনাজাতে অংশ নিতে আসতে দেখা গেছে। এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ চারপাশের এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, বিপণিবিতান, অফিসসহ সবকিছু ছিল বন্ধ।
আগামীকাল সোমবার বাদ মাগরিব থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্ব। আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ি নেজাম অনুসারীদের ইজতেমা। এরপর ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার সকল আনুষ্ঠানিকতা।