April 21, 2026, 12:28 am

নির্মাণ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে রিহ্যাবের চুক্তি

Reporter Name
  • আপডেট Wednesday, January 29, 2025
  • 55 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: নির্মাণ খাতে নতুন করে আরও ১০ হাজার দক্ষ শ্রমিক তৈরি করতে আটটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে রিহ্যাব কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। এর আগে তিন দফায় রিহ্যাব ২১ হাজার নির্মাণ শ্রমিকের প্রশিক্ষণ সম্পন্ন করেছে। যাদের মধ্যে ৯০ শতাংশের বিভিন্ন ডেভেলপার কোম্পানিসহ বিদেশে চাকরি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে রিহ্যাব।
রিহ্যাবের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া। প্রতিষ্ঠানগুলোর পক্ষে নিজ নিজ প্রতিনিধিরা স্বাক্ষর করেন।
এ সময় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, এসআইসিআইপি-রিহ্যাব প্রজেক্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য ও রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট স্ট্যান্ডিং কমিটির (আরটিআই) চেয়ারম্যান রিহ্যাব পরিচালক ইঞ্জি. মোঃ মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, কো-চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক ইঞ্জি. শেখ মোঃ শোয়েব উদ্দিন, রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট স্ট্যান্ডিং কমিটির সদস্য ও রিহ্যাব পরিচালক এফ. এম. উবায়দুল্লাহ, সুরুজ সরদার, মুহাম্মদ লাবিব বিল্লাহ্ এবং প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেমসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবাসন শিল্পে দক্ষ নির্মাণ শ্রমিক তৈরি করার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে কোর্স শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১৩ হাজার ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়ে থাকে।
প্ল্যাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, মেশিনারি এবং স্টিল বাইন্ডিং, টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেনেন্স, এই চারটি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে চার মাস। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর