চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় এসে বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ নেওয়ার পর এবারই প্রথম নিজের জেলায় এসেছেন তিনি। তার এ সফরকে ঘিরে পাবনায় উৎসবের আমেজ বিরাজ করছে। সোমবার ঢাকা থেকে হেলিকপ্টারে করে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান তিনি। এরপর পাবনা সার্কিট হাউজে গেলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর জেলা পরিষদ চত্বরের মূল ফটকের সামনে বঙ্গবন্ধু চত্বরের নাম ফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী। পরে পাবনা সদরের আরিফপুর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি সফরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার সকালে পাবনা বিসিক শিল্প নগরে স্কয়ার সাইন্স অ্যান্ড লাইফ প্লান্ট উদ্বোধন করবেন । সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য। এর পরে বিকেল ৩টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন রাষ্ট্রপতি।
আগামী বুধবার (১৭ মে) সকাল ১১টায় পাবনা ডায়াবেটিক সমিতির অফিস পরিদর্শন শেষে বিকেল ৪টায় জেলা ও দায়রা জজ আদালতের যাদুঘর, বঙ্গবন্ধু কর্নার এবং বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এছাড়া তিনি বিকেল ৫টায় বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন।
বৃহস্পতিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে ১১.৪০ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, রাষ্ট্রপতির পাবনা সফর যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হয়, সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।