স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর গাছা এলাকায় ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি সামুরাই, একটি তলোয়ার, একটি ল্যাপটপ, দুইটি আইফোন, ভ্যানিটি ব্যাগ ও নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- টঙ্গীর এরশাদনগর এলাকার তিন নাম্বার ব্লকের আবুল কালামের ছেলে রহিম মিয়া (২৮), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে টুটুল মিয়া (২১) ও বগুড়া জেলার কৈপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাজু মিয়া (২৫)। গ্রেফতারকৃত রহিম মিয়ার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় পাঁচটি, টুটুলের বিরুদ্ধে দুইটি ও সাজুর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান।
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান জানান, গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে মহানগরীর তাঁরগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মাইক্রোবাসে ডাকাতি করে। এ ঘটনার পর পুলিশ ওই তাদের গ্রেফতার করতে অভিযানে নামে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত ডাকাত দলের সদস্য। তারা প্রতিনিয়ত মাদক কারবার ও ছিনতাই কাজে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মো.হাফিজুর রহমান, সহকারী উপ পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান প্রমুখ।