স্টাফ রিপোর্টার :: জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাহ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে ৬ টি দোকান। গত বুধবার দিবাগত রাতে প্রায় আড়াইটার দিকে মধ্যে বাজারের দোকান গুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ অগ্নকান্ডে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করছেন ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত চিকিৎসক লিয়াকতের ফার্মেসী, তার ছেলের ফার্মেসী, আব্দুল্লাহ মিয়ার কাপড়ের দোকান, সিমুলের কম্পিউটার দোকান, মুজিবরের মুদি দোকান ও আরেক কাপড়ের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসা করে আমাদের সংসার চালাই। হঠাৎ করেই দোকান গুলো আগুনে পুড়ে যাওয়ায় আমরা নিঃস্ব হয়ে গেলাম।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত আড়াই টার দিকে যে কোন একটি দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এদিকে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত অনেকেই ধারণা করছেন পরিকল্পিতভাবে কেউ একজন আগুন লাগিয়েছে।ফেসবুকের মাধ্যমে একজনকে মেনশন করে স্ট্যাটাস দিচ্ছেন অনেকেই। এ বিষয়ে বকশিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক বলেন,খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।