স্টাফ রিপোর্টার :: টঙ্গীতে রেল স্টেশনে যাত্রী ছাউনিতে কাজ করার সময় ছাদ থেকে নীচে পড়ে মিজানুর রহমান (৩১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে টঙ্গী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত মিজান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সটিরজান গ্রামের শহিদ মিস্ত্রিও ছেলে। তিনি টঙ্গীতে রেল স্টেশনে শ্রমিকের কাজ করতেন। স্ত্রী ও ২ মেয়ে নিয়ে টঙ্গীতে বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় টঙ্গী রেল স্টেশনে যাত্রী ছাউনির ছাদে কাজ করছিলেন মিজান। হঠাৎ করে ছাদ থেকে পা পিছলে নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা বলেন, কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।