স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় শফিকুর রহমান সবুজ নামে একজন গুরুতর আহত হয়। গতকাল শনিবার ভোর রাতে টঙ্গীর দত্তপাড়া এলাকার জনৈক এমরান মিয়ার ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহছান উল্যাহ বলেন, আমি ওই ভবনটির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্বপরিবারে বসবাস করছি। শনিবার ভোর চারটার দিকে রান্না ঘরের গ্রিল কেটে ৪-৫জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় ডাকাতরা আমাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে আমার ছেলে শফিকুর রহমান সবুজ তাদেরকে বাধা দিলে তারা ধারালো চাপাতি দিয়ে উপর্যপুরি কুপিয়ে আহত করে। পরে কক্ষের আলমারীতে থাকা নগদ এক লাখ দশ হাজার টাকা, তিন ভরি ওজনের দুইটি স্বর্ণের চেইন, তিন জোড়া কানের দুল ও দুইটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরে আমাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে সবুজকে উদ্ধার করে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক তদন্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।