বাংলা চলিচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে আর কোনো সিনেমাতে কাজ করবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান শাকিব খান। বুবলীকে তার সঙ্গে অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না বলেও জানান ঢাকাই সিনেমার এ সুপারস্টার।
স্বামীকে ‘মিস্টার শাকিব খান’ সম্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি।
যেখানে শাকিবকে উদ্দেশ্য করে এ নায়িকা লিখেছেন, ‘আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলে না। আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে? কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি !’
ছেলে শেহজাদ বীরের দিকে তাকিয়েই তিনি শাকিব কে দু’কথা শোনান না, চুপ থাকেন সে কথাও জানিয়েছেন এ নায়িকা। সব মিলিয়ে শাকিবের ওপর যে বেশ চটেছেন বুবলী, তা বোঝার বাকি নেই কারও।
শাকিব খানের সঙ্গে এখনও তার ডিভোর্স হয়নি জানিয়ে শাকিবকে প্রশ্ন করেছেন বুবলি, ‘কিছুদিন পরপর কী উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণ চিন্তা প্রকাশ করেন?’
ছেলের কথা ভেবে হলেও গণমাধ্যমে এ ধরনের বক্তব্য না দিতে শাকিবকে সতর্ক করেছেন বুবলী।
বুবলী লিখেছেন, ‘এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে। এবং ভাববে কি নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন। আপনাকে তো কোথাও কখনও অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি। বরং যেকোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানা ভাবে সাপোর্ট দিয়েছি। ’
বিষয়টি তার ভাবনায় রয়েছে বলেই তিনি মুখ খুলেন না। তবে শেহজাদের সম্মানে হয়তো একদিন শাকিবের বিরুদ্ধে অভিযোগ সামনে আনতেও পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বুবলী
‘বসগিরির’ নায়িকা লিখেছেন, ‘শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই; কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব। ’

স্ট্যাটাসের শেষে বুবলী লিখেছেন, ‘সবকিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন, তবে মনে রাখবেন, সুপারস্টারডোম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়। আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিলো। ’
শাকিবের প্রতি অনুরোধ করেন বুবলী,‘এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো কিন্তু বিনীত অনুরোধ করবো আবারো কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না। ’
সবশেষে বুবলীর আরও অনুরোধ, ‘শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দিই, আপনিও সেটা করবেন। ’
স্ট্যাটাসের মাঝে গত ঈদে সন্তান শেহজাদসহ শাকিব খানের সঙ্গে সময় কাটানোর স্মৃতিচারণা করেন। লিখেন, ‘আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদ কে সহও একসঙ্গে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি। শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ঈদ এবং ঈদ এর পরেও একসঙ্গে থেকেছি , টাইম স্পেন্ড করেছি। ’