স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের ইছালী এলাকায় লোহার বেরিয়ার দিয়ে রাস্তা প্রতিবন্ধকতার সৃষ্টি। গাড়ী চলাচলে বাধাগ্রস্থসহ জনদুর্ভোগ চরমে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
মঙ্গলবার সকালে সরজমিনে দেখা যায়, গাজীপুর -পূবাইল সড়কের ইছালী বাজারসহ ওই বাজারের পশ্চিম পাশে নিচু করে দুইটি লোহার বেরিয়ার দেওয়া হয়েছে। এতে করে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী গাড়ী চলাচল করতে পারছে না। তাতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণের। এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক শতাধিক গার্মেন্টস মালামাল সরবরাহকারী, কাঁচামালবাহী গাড়ীসহ দেশের উন্নয়ন কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ছোট বড় গাড়ী চলাচল করতো। রাস্তায় প্রতিবন্ধকতার কারণে চরম বিপাকে পড়তে হয়েছে বিভিন্ন এলাকার লোকজনদের। এবিষয়টি নিয়ে এলাকাবাসী, গার্মেন্টস মালিক, শ্রমিকসহ গাড়ী চালকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে
এ বিষয়ে গাড়ী চালক আমিনুল ইসলাম বলেন, রাস্তা বন্ধ করে দেওয়ায় উচু গাড়ী নিয়ে যেতে পারছি না। এতে করে প্রায় ৬ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে আমাদের অনেক সময় ব্যয় হয়। এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশন আঞ্চলিক -২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরিন মাধবী বলেন, গাড়ী চলাচলের বির্ঘ্ন হচ্ছে। বিষয়টি আমার জানা ছিল না, আপনাদের মাধ্যমে শুনেছি। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।