স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীর চেরাগআলীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী ফ্লাইওভারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক ও অপরজন পাঠাওচালক। নিহত ডুয়েটের শিক্ষক রামচন্দ্র সাহা (৪২) ঢাকার মোহাম্মদপুরের ৪৩/সি রামচন্দ্রপুর এলাকার স্বপ্ন কুটির এ-৪ ইউনিটের বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তিনি ডুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষক ছিলেন। নিহত অপরজন হলেন পাঠাওচালক দিদার হোসেন (৪০)। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চেরাগ আলী ফ্লাইওভারের মুখে গাজীপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চালক ও যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলে পাঠাওচালক দিদার হোসেন মারা যান। আর গুরুতর আহত হন রামচন্দ্র সাহা। তাকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার মোস্তাফিজুর রহমান বলেন, রামচন্দ্র সাহা হাসপাতালে আনার পথে রাস্তায় মারা গেছেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুইজন মারা গেছেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে।