ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়বাজারে ২১ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ নসিমন আটক করে স্থানীয় জনগণ। এসময় নসিমন চালক পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে চিনিসহ নসিমন জব্দ করে আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। গত শনিবার রাতে রায়বাজার দুধমহালে এ গাড়ীটি আটক করে স্থানীয়রা।
জানা গেছে, ভারত থেকে চোরাই পথে রাজস্ব ফাঁকি দিয়ে রাতের আঁধারে এসব চিনি বাজারে ঢুকছে। কিছুদিন আগেও অবৈধ চিনি ভর্তি ট্রাক রেখে পালিয়ে যায় চালক পরে পুলিশ এসব চিনিসহ ট্রাক জব্দ করে।দীর্ঘদিন যাবত রায়বাজারে একটি শক্তিশালী সিন্ডিকেট এ অবৈধ চিনির রমরমা বাণিজ্য করে আসছে।
এস.আই জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় লোকজন খবর দিলে আমরা চিনিভর্তি নসিমমন আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে এসেছি আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।