স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর বাসন এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় শুক্রবার রাতে ওই তরুনীর মা বাদী হয়ে বাসন থানায় গণধর্ষণের মামলা করেন। গতকাল শনিবার ভোরে অভিযান চালিয়ে বান্ধবী জুই আক্তার (১৮) সহ ২ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকার রমিজ উদ্দিনের ছেলে শাকিল আহমেদ (২৫) ও রংপুরের পীরগঞ্জের রায়পুর এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম রাহুল (২০) ।
বাসন থানার অফিসার ইনচার্জ মো: আবু সিদ্দিক জানান, তরুণী গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরের বাসন এলাকায় বান্ধবীর ভাড়া বাসায় বেড়াতে যান। একপর্যায় কৌশলে বান্ধবী জুই ওই তরুনীকে স্থানীয় শাকিলের ভাড়া বাড়ির নিয়ে একটি কক্ষে দরজা আটকিয়ে দেয়। পরে ওই কক্ষে আগে থেকে অবস্থান নেয়া শাকিল তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শাকিলের বন্ধু রাহুলও কক্ষে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে বললে হত্যার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়। পরে ওই তরুণী ঘটনাটি তার মাকে জানায়। তার মা শুক্রবার রাতে থানায় গিয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। শনিবার আসামীদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।