July 9, 2026, 9:50 pm

যাত্রী সেজে ছিনতাইকালে চার নারী আটক

Reporter Name
  • আপডেট Friday, November 17, 2023
  • 117 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, পাবনা :: পাবনা সদর উপজেলার টেবুনিয়া রেলস্টেশন এলাকায় ইজিবাইকের যাত্রী সেজে স্বর্ণের চেন ছিনতাইকালে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তাদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর থানার দৌলতপুর গ্রামের মো. মানিক মিয়ার স্ত্রী রুবিনা ওরফে রোজিনা খাতুন (৪০), একই এলাকার মহারাজ মিয়ার স্ত্রী হালিমা বেগম (৩৫), মো. রুবেলের স্ত্রী নিপা খাতুন (২৫) ও মো. মাসুদ মিয়ার স্ত্রী রুহেলা ওরফে রোহেলা বেগম (২২)। তাদের সবার বাড়ি একই গ্রামে।
পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনে ফাতেমা খাতুন নামে এক যাত্রী টেবুনিয়া রেলস্টেশন এলাকাতে নামেন। সেখানে ওই নারী ও তার স্বামী মো. জুলহাস খান গন্তব্যে যাওয়ার জন্য একটি ইজিবাইকে ওঠেন। সে সময় ছিনতাইকারীরা পরিকল্পিতভাবে একই ইজিবাইকে উঠে বসেন। পথিমধ্যে তারা অসুস্থতার ভান করে ওই মহিলা যাত্রীর গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। সে সময় ওই যাত্রী বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলাতে বাস, ট্রেন ও পরিবহনে কৌশল করে ছিনতাই ও চুরির কাজ করে আসছে। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এই ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর