মো: মুর্শিকুলআলম, স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটির ৩৯ নং ওয়ার্ডে প্রবাসী উদ্যোক্তার একটি ট্রাস্টি প্রতিষ্ঠানের উদ্বোধন করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সম্প্রতি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৫টি প্রতিষ্ঠান উদ্বোধন করেন তিনি। যার মধ্যে রয়েছে জয়নাল আবেদিন ডেইরি ফার্ম, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র, মাদরাসা, মসজিদ, মৎস খামার। জাহিদ আহসান রাসেল জানান, দেশে উদ্যোক্তা বাড়ুক ও কর্মসংস্থান তৈরি হোক এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনারই পরিকল্পনার অংশ। রেমিট্যান্স যোদ্ধাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা উদ্যোক্তা হিসাবে দেশে ইনভেস্ট করুক এটাকে সাধুবাদ জানাই। পাশাপাশি তাদের সহযোগিতা করতে শেখ হাসিনার সরকার অঙ্গীকরাবদ্ধ।জানা যায়, কুয়েত প্রবাসী জয়নাল আবেদিন ১৯৮১ সালে ওয়েল্ডার পদে একজন সাধারণ শ্রমিক হিসাবে কুয়েতে গিয়েছিলেন। চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার মুসাপুর গ্রামের বাসিন্দা তিনি। বর্তমানে ঢাকার বসুন্ধরা এলাকায় বসবাস করেন। উনার ইচ্ছা দেশ ও দেশের মানুষের জন্য কিছু করে যাওয়া। জয়নাল আবেদিন যুগান্তরকে জানান, ১০ বিঘা জমির ওপর থাকছে বহুমুখী প্রকল্প। যেখানে গড়ে তুলেছেন মসজিদ, মাদরাসা, গরুর খামার, মৎস খামার, মুরগির খামার ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান।
তিনি আরও জানান, এখান থেকে শিক্ষা গ্রহণ শেষে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কেউ বেকার থাকবে না। গরুর দুধ, মুরগীর ডিম দিয়ে ফাস্ট ফুডের কারখানা করা হবে। বাইরে ডিম গরুর দুধ বিক্রি করা হবে না। মুরগী ও গরুর উচ্ছিষ্ট দিয়ে বায়ু গ্যাস প্লান্ট তৈরি করে এলাকার গ্যাসের চাহিদা মেটানো হবে। সৌর বিদ্যুৎ চালু করেছি। সবই চলবে সৌর বিদ্যুতে। এতে সরকারি বিদ্যুতের ওপর চাপ কমবে। তাছাড়া এলাকার অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে আমার ট্রাস্টি প্রতিষ্ঠানে। আমি ওয়াকফ করে দিয়েছি তিন বিঘা জমি। ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আমার উত্তরসূরিরা ২০% সম্মানী ভাতা পাবেন। ধীরে ধীরে সমুদয় সম্পদই ওয়াকফ করা হবে। আমার দুই ছেলের একজন আবিদ বাংলাদেশের দিকটা দেখবে অন্য ছেলে আহমেদ কুয়েতের দিক দেখছে।