নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :: কক্সবাজারের উখিয়ার কুতুপালং মেগা রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ সন্ত্রাসীদের ত্রিমুখী গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অস্ত্র, গুলি ও ওয়াকিটকিসহ ৬ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৪-এপিবিএন পুলিশ। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল। গ্রেফতার রোহিঙ্গারা হলেন, পেটান আলী (৫০), মো. জোবায়ের (২৫), দিল মোহাম্মদ (২৬), শরীয়ত উল্লাহ (২৭), জিয়াবুর রহমান(২৬) ও মোহাম্মদ আয়াছ (১৯)। তারা সবাই কুতুপাল মেগা ক্যাম্প ৫ এর বিভিন্ন ব্লকের বাসিন্দা।
১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ ইকবাল বলেন, গত বুধবার দুপুরে উখিয়ার ক্যাম্প-৪ (এক্স) এর আই ব্লকে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরসা ও আরএসও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও নিজেদের আত্মরক্ষা ও সরকারী জানমাল রক্ষার্থে ২ রাউন্ড শটগানের গুলি, ৬ রাউন্ড এস.এম.টির গুলি ও ১ রাউন্ড চায়না রাইফেলের গুলি ফায়ার করে।
গোলাগুলির ঘটনায় পুলিশ -সন্ত্রাসীদের মধ্যে মধ্যে শতাধিক গুলি বিনিময় হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান । গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে পালিয়ে যাওয়ার সময় ৬ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের মধ্যে পেটান আলী গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবাল আরও বলেন, আটকদের কাছ থেকে ২টি ওয়ানশুটার গান, ১০ রাউন্ড গুলি, ৪টি গুলির খোসা, ১টি ওয়াকিটকি, ২টি বাটন ফোন, ২টি এন্ড্রোয়েড ফোন, ১টি টর্চ লাইট ও ১টি ছোট কালো ব্যাগ জব্দ করা হয়েছে। উক্ত গোলাগুলিতে পুলিশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে অস্ত্রসহ আটক রোহিঙ্গাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।