মো: জাফর আলী :: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে গাজীপুরে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি সূচনা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
অপরদিকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আলোচনা সভা ও কেক কাটার পর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মেয়র। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম উপস্থিত ছিলেন।
বিকালে গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, আলমগীর হোসেন, মো. আমিনুল ইসলাম ও মনিরুজ্জামান প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), ধান গবেষণা ইনস্টিটিউট, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ডুয়েট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।