বিনোদন প্রতিবেদক :: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেরশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত ও বিশিষ্ট সংগীতজ্ঞ সুজেয় শ্যাম। তিনি ‘সানসিল্ক-চ্যানেল আই ১৮তম মিউজিক অ্যাওয়ার্ড’-এ আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। ‘সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন’ এ লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ায় সংগীতের সবচেয়ে বড় আসর ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। এ বছর ১৮তম আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে আয়োজনে মূল পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হলো স্বনামধন্য ব্র্যান্ড সানসিল্ক। ১৮তম এ অ্যাওয়ার্ডটি প্রদান করা হবে ১৮ অক্টোবর বনানীর শেরাটন হোটেলে। এবারের আয়োজনে ‘আজীবন সম্মাননা’ সহ মোট ২২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।
এ উপলক্ষে চ্যানেল আই ভবনে আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সানসিল্কের সিনিয়র হেড অব ক্যাটাগরি হেয়ার এন্ড কেয়ার সাবিত শফিউল্লাহ, ইন্টার স্পিড-এর ব্যবস্থাপনা পরিচালক আদনান করিম, সাউথ বাংলা এগ্রো এন্ড কর্মাস ব্যাংকের পক্ষে মো. শফিউল আজম এবং এবারের অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চু। প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চু অ্যাওয়ার্ডের বিস্তারিত তুলে ধরেন সংবাদ সম্মেলনে।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সংগীতজ্ঞ সৈয়দ আব্দুল হাদী, সালাউদ্দিন আহমেদ, মানাম আহমেদ, কোনালসহ বরেণ্যগুণী শিল্পীরা।
এবারের পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো- আধুনিক গান- শ্রেষ্ঠ শিল্পী, আধুনিক গান- শ্রেষ্ঠ সুরকার, আধুনিক গান- শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ দ্বৈত সংগীতশিল্পী, শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী, ছায়াছবির গান- শ্রেষ্ঠ শিল্পী, ছায়াছবির গান- শ্রেষ্ঠ সুরকার, ছায়াছবির গান- শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও শিল্পী, শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ যন্ত্রশিল্পী (উচ্চাঙ্গ), শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (উচ্চাঙ্গ), বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ শিল্পী, বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ সুরকার, বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ গীতিকার এবং শ্রেষ্ঠ অডিও কোম্পানি এবং আজীবন সম্মাননা।