July 9, 2026, 11:47 am

টঙ্গী থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত তীব্র যানজট আটকা হাজারো যাত্রী

Reporter Name
  • আপডেট Friday, October 6, 2023
  • 130 জন দেখেছে

মো: জাফর আলী :: অবিরাম বৃষ্টিতে রাস্তার খানাখন্দে পানি জমায় ও মহাসড়কে পানি ওঠায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর থেকে টঙ্গী হয়ে আব্দুল্লাহপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের ভোগড়া চৌরাস্তাসহ বেশ কিছু জায়গা পানিতে তলিয়ে গেছে। এতে রাস্তায় আটকা পড়েছে হাজার হাজার যাত্রী। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৮টার পর থেকেই যানজট লাগে। রাত ৯টার পর তা তীব্র হয়ে ওঠে।
জানা যায়, ঢাকার আব্দুল্লাহপুর থেকে টঙ্গী বাজার, স্টেশনরোড, মিলগেট, বোর্ডবাজার, ভোগড়া, চান্দনা চৌরাস্তা, সালনা ও রাজেন্দ্রপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে ও খানাখন্দে পানি আটকে এ যানজট তৈরি হয়েছে। সেই সঙ্গে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী হয়ে আব্দুল্লাহপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ চলার কারণেও গাড়ি চলাচলে বিঘ্ন হচ্ছে। কোথাও কোথাও এক লেন দিয়ে যেতে হচ্ছে গাড়িগুলোকে।
টঙ্গী স্টেশন রোডে অপেক্ষমান যাত্রীবাহী বাসের ময়মনসিংহগামী যাত্রী আবুল বাসার জানান, গাড়ি যেন চলছেই না। কিছুক্ষণ গাড়ি চলেই আবার থেমে যাচ্ছে। চান্দনা চৌরাস্তায় আটকাপড়া ঢাকাগামী যাত্রী কলেজ শিক্ষিকা মেরিনা নাসরিন কালের কণ্ঠকে বলেন, ‘দেড় ঘণ্টা ধরে একই জায়গায় বসে আছি। গাড়ির চাকা ঘুরছেই না। কখন ঢাকায় ফিরব, কখন বাসায় পৌঁছবো, তা আল্লাহই জানেন।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার (দক্ষিন) মো. আলমগীর হোসেন জানান, ‘ভোগড়া চৌরাস্তা পানিতে তলিয়ে গেছে। পানির মধ্য দিয়ে চলমান যানবাহন প্রায়ই নষ্ট হচ্ছে। এতে যানজট আরো বাড়ছে। আমরা নষ্ট গাড়ি ও রাস্তার পানি সরিয়ে যানজট কমানোর চেষ্টা করছি।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর