স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গী-গাজীপুর এলাকার যুব ও নারী ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস্ এর নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর টঙ্গী মধুমিতা রোড এলাকায় বন্ধন কমিউনিটি সেন্টারে (জিআইজেড) এর সার্বিক সহযোগিতায় নেটওয়ার্কিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন্নাহার ভূঁইয়া এমপি।
প্রধান অতিথি শামসুন নাহার ভূঁইয়া এমপি বলেন, বিলস্ ১৯৯৫ সাল থেকে হাটি হাটি পা-পা করে এগুচ্ছে। আমি এই সংগঠনের আজীবন সদস্য এবং সম্পাদকন্ডলীর সদস্য। এই সংগঠনটি দেশের সবচেয়ে অবহেলিত ও সুরক্ষা থেকে বঞ্চিত শ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্তির মাধ্যমে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানসহ তাদের জন্য সংবিধান ও প্রচলিত শ্রম আইনে বর্ণিত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছে।
বিলস্ উপদেষ্টা পরিষদের সদস্য নইমুল আহসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিলস্ পরিচালক নাজমা ইয়াসমীন। নেটওয়ার্কিং সভায় প্রকল্প পরিচিতি ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন-বিলস্ প্রজেক্ট কো-অর্ডিনেটর ও উপ-পরিচালক ইউসুফ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, জিইউজের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, দপ্তর সম্পাদক কামাল হোসেন বাবুল, সদস্য কাজী মোঃ আব্দুল মান্নান, শ্রমিক লীগ নেতা আব্দুল জলিল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন যুব ও নারী ট্রেড ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেটওয়ার্ক গঠন ও প্রাথমিক কর্মপরিকল্পনায় উপস্থিত সকলের মাঝে তিনটি গ্রুপ করে দলগত ভাবে কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাপনী বক্তব্য রাখেন নেটওয়ার্কিং সভার সভাপতি ও বিলস্ উপদেষ্টা পরিষদের সদস্য নইমুল আহসান জুয়েল।