নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: আগামী ৭ জানুয়ারি দেশের বারোটা বাজার অ্যালার্ম বেজে উঠবে এমন মন্তব্য করে ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশের পৌনে বারোটা বেজে গেছে। আমার মনে হয় আগামী ৭ জানুয়ারি দেশের বারোটা বাজারে অ্যালার্ম বেজে উঠবে।
দেশে ভোট দেয়া লাগবে না, নির্বাচনের আগেই ভোট দেয়ার পরিস্থিতি চলতেছে। আবার শিক্ষা কমিশনের পরীক্ষা দেওয়া লাগবে না অটো পাস হয়ে যাবে। তার মানে জনগণের ইচ্ছার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এদেশের মানুষকে ধ্বংস করার পায়তারা চলছে। এ ধরনের শিক্ষাক্রম আমরা বাতিল চাই।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জাতিসত্তার বিরোধী শিক্ষা কারিকুলাম পরিবর্তন কর ও একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।
এদিন সমাবেশের শেষে ইসলামি আন্দোলন বাংলাদেশের একটি বিক্ষোভ মিছিল বেরকরে নাইটেঙ্গেল মোড় হয়ে বায়তুল মোকাররম এর সামনে এসে শেষ হবার কথা থাকলেও বায়তুল মোকাররম এর উত্তর গেটে পুলিশ মিছিলটি আটকে দেয়। পরবর্তীতে এখানেই সমাবেশ সমাপ্তি করা হয়। এসময় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।
এসময় আরো বক্তব্য রাখে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইদুল হাসান সিয়াম, ইসলামি ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সভাপতি ইউসুফ পিয়াস, ইসলামি যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাফিজুল হক ফাইয়াজ, ইসলামি আইনজীবী পরিষদের সভাপতি মো মশিউর রহমান, অধ্যাপক নাসির উদ্দীন খান, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মাহমুদূর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমুখ।